দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের রাজধানী নয়াদিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন নারী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটির পর থেকেই ট্রাকটির চালক পলাতক রয়েছে। টিকরি সীমান্তে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কৃষকদের চলমান বিক্ষোভে ঘটনাটি ঘটেছে।
ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, গেল ১১ মাস যাবত দেশটিতে বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে আন্দোলন করছেন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক শ্রেণির লোকজন। সেই বিক্ষোভে অংশগ্রহণের জন্য টিকরি এলাকায় গিয়েছিলেন পঞ্জাবের ওই তিন নারী কৃষক।
বুধবার (২৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে তারা অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে পড়ে। এতে ট্রাকের তলায় পড়ে পিষ্ট হয়ে যান ওই তিন নারী কৃষক।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান আরও এক জন। এ ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নিহত ওই নারী কৃষকরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। তারা নিয়মিত টিকরি সীমানায় এসে কৃষকদের অবস্থান কর্মসূচিগুলোতে অংশ নিতেন।