ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

অবৈধ সম্পদ অর্জন মামলা:রিমান্ডে পাপিয়া দম্পতি

ads

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলালীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।  এসময় দুদকের বিশেষ পিপি মীর আহাম্মদ আলী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলের আবেদন করেন।  উভয় পক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁর খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার ফুড বাবদ মোট ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।


এছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে বাসা ভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় বিনিয়োগকৃত এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে বিনিয়োগকৃত ২০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকে পাপিয়া ও তার স্বামীর নামে জমাকৃত ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকারও কোনো বৈধ উৎস পাওয়া যায়নি অনুসন্ধানে। এ অভিযোগে গত ৪ আগস্ট দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

ads
ads
ads

Our Facebook Page