ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর চকবাজারে ৫৩০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

ads

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০-এর অভিযানিক দল। এ সময় দলটি দুই মাদক ব্যবসায়ীকেও আটক করে।


র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৪টায় র‌্যাব-১০ ঢাকার চকবাজার মডেল থানাধীন কামালবাগ (বটতলা ট্যাংকির ঘাট) এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা ৫৩০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।র‌্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে শুক্রবার র‌্যাব-১০-এর অভিযানিক দল এই অভিযানটি পরিচালনা করে।


আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলো মো. দ্বীন ইসলাম (২৮) ও মো. মোতাহার আলী ওরফে বিদ্যুৎ (২৫)। র‌্যাব জানায় দ্বীন ইসলাম রাজশাহী জেলার পুঁটিয়া থানার আটবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে। অপর মাদক ব্যবসায়ী বিদ্যুৎ একই জেলার তানোর থানার মাদারীপুর গ্রামে মো. মোকশেদ আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।


র‌্যাব-১০ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page