ক্যারিয়ারের দুঃসময়ে দাঁড়িয়ে আরও একটি সুখবর পেয়ে গেলেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে দরজা বন্ধ থাকলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আগের মতোই ব্যস্ত বাংলাদেশের এই তারকা ক্রিকেটার! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ফিরছেন সাকিব। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের জার্সিতে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। অনেকের জন্য এটি প্রত্যাবর্তনের গল্প, সাকিবের জন্য নিজের চেনা মঞ্চে নতুন করে কিছু প্রমাণ করার মিশন!
সাকিব ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ ২০২২ সালে খেলেছেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সে।সিপিএলে সাকিবের ইতিহাস বেশ গর্ব করার মতো। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি, যা এখনও সিপিএলের সেরা স্পেল হিসেবে রেকর্ডে অমলিন। সেই কীর্তিই স্মরণ করে এবার সিপিএলের ফেসবুক পেজে সাকিবের নতুন দলে অন্তর্ভুক্তির খবর জানানো হয়েছে। এক দশক পর, তিনি ফিরছেন সেই টুর্নামেন্টেই, যেখানে একসময় ঝড় তুলেছিলেন বল হাতে!
গত এক বছরে জাতীয় দলের জার্সিতে তেমন একটা দেখা যায়নি সাকিবকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন, ওয়ানডেতেও অনেকদিন খেলছেন না। তবে মাঠ ছেড়ে যাননি একেবারেই। বরং ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আগ্রহটা আরও বেড়েছে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দায়িত্বশীল পারফরম্যান্স করেছিলেন তিনি, যেখানে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই নিজের জাত চিনিয়েছিলেন। যদিও ফাইনাল খেলতে পারেননি, তবু লাহোরের শিরোপাজয়ে তার অবদান ছিল সুস্পষ্ট।সাকিব নিজেই জানিয়েছিলেন, এখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা প্রবল। পিএসএলের সময় জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি পাকিস্তান সুপার লিগসহ অন্যান্য লিগগুলোতে খেলতে চাই। আমি জানিনা সামনের চার-পাঁচ মাসে কি হবে। আমার চুক্তি আছে, আমি অবশ্যই লিগগুলোতে খেলব।’
তবে তখন অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে, সাকিবের বর্তমান ফর্ম ও শারীরিক প্রস্তুতি তাকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে দেবে কিনা। সেই সন্দেহের জবাব তিনি নিজেই দিলেন-সিপিএলের মতো একটি লিগে আবারও দল পেয়ে।
অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স এবার তাকে নিয়েই দল গঠন করেছে অনেকটাই। দলে আছেন আরও কিছু পরিচিত মুখ-ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, ওবেদ ম্যাককয়, রাখিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জেইডেন সিলসসহ একঝাঁক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। এ দলের নেতৃত্বে কিংবা মূল পারফর্মারদের একজন হিসেবে সাকিবকে ঘিরেই সাজানো হবে পরিকল্পনা।
১৪ আগস্ট থেকে শুরু ৬ দলের সিপিএলের নতুন আসর। ফাইনাল ২১ সেপ্টেম্বর।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন স্কোয়াড:
সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্ট্রিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, মোহাম্মদ গাজানফার, রাখিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, আমির জাঙ্গু, কারিমা গোরে, কেভিন উইকহাম ও জশুয়া জেমস।