ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিশাঙ্কার শতকে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

ads

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রান করা বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকলেও শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার অসাধারণ ব্যাটিংয়ে সেই স্বস্তি এখন চাপের রূপ নিচ্ছে। মাত্র ১৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেও নিশাঙ্কার ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।


গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শেষে কিছুটা অস্বস্তিতে রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৪৯৫ রান করা বাংলাদেশ শ্রীলঙ্কাকে দ্রুত চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই চেষ্টায় বাদ সাধেন পাথুম নিশাঙ্কা।প্রথমে লাহিরু উদারাকে সঙ্গে নিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন নিশাঙ্কা। উদারাকে (২৯) ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। এরপর ক্রিজে আসেন দীনেশ চান্দিমাল। নিশাঙ্কার সঙ্গে ১৫৭ রানের দৃঢ় জুটি গড়ে ফিফটি তুলে নেন চান্দিমাল। ৫৪ রানে নাইম ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।


এরপর বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৮৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন নিশাঙ্কা। ম্যাথুস করেন ৩৯ রান। নিশাঙ্কা এদিন ছিলেন অবিচল ও মারমুখী। ২৫৬ বল খেলে ১৮৭ রানের ইনিংস খেলে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিতে পারেননি এই ডানহাতি ওপেনার। দিনের শেষ ভাগে ক্রিজে আসেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দিনশেষে মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে অপরাৃজিত আছেন।


এখনও ১২৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা, তবে হাতে রয়েছে ৬ উইকেট। আগামীকাল সকালে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে বাংলাদেশ আরও চাপের মুখে পড়বে।

ads
ads
ads

Our Facebook Page