ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস সোমবার

ads

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ আগামী সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এসে তিনি এ ঘোষণা দেন।


নির্বাচনের দাবিতে বুধবার বিকেল চারটায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘শিক্ষার্থীবৃন্দ, শাবিপ্রবি’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে তাঁরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্য কার’, ‘শাকসু নিয়ে টালবাহানা চলবে না’, ‘শাকসু ইন নভেম্বর, রিমেম্বার প্রশাসন’ ইত্যাদি স্লোগান দেন।একপর্যায়ে সেখানে এসে ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। উপাচার্য বলেছেন, আগামী সোমবার তিনি ঢাকা থেকে ফিরবেন এবং গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠন করবেন।”


তিনি আরও বলেন, “উপাচার্য স্যার প্রত্যাশা ব্যক্ত করেছেন, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় অংশীজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি, সোমবারে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শতভাগ পূর্ণ হবে।”


উপাচার্যের এ ঘোষণার পর বিকেল সোয়া চারটায় শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান (শিশির) বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট সময় উল্লেখ করেছে। সোমবার যদি রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন না হয়, তাহলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়া হবে।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সাবেক সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আর কোনো বিলম্ব মেনে নেওয়া হবে না। নির্ধারিত সময়ে রোডম্যাপ ঘোষণা না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন নভেম্বরেই দিতে হবে।”


শাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীরা গত রোববার মানববন্ধন ও মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন। এর আগে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে তিন মাসে শুধু শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। সেই আশঙ্কা থেকেই এ আন্দোলন শুরু হয়।

ads
ads
ads

Our Facebook Page