পাবনার ঈশ্বরদীতে ইট ভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা (৬০) মৃত আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
নিহত বীরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে বাবার জমি থেকে ইটভাটার জন্য জোরপূর্বক মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টার সময় জহুরুল মোল্লাকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে সে ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তার বাবাকে।
এ সময় বীরু মোল্লা মাটিতে লুটে পড়লে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. তাসনিম তামান্না স্বর্না গুলিবিদ্ধ বীরু মোল্লাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও বিএনপি নেতা নিহত বিরু মোল্লা আপন চাচাতো ভাই। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘বীরু মোল্লা নামে বিএনপি নেতা নিহত হওয়ার খবরে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’