দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।
এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হলেন।
আজ শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়।
নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী সাত জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ২০ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন।