দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের উদ্দেশে যাত্রার সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালে তার মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি দেখা দিলে উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যান।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনের সরকারি সফরে সকালে ঢাকাগামী একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। এরপর ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।এর আগে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বিমানযাত্রা ঝুঁকিপূর্ণ বলে মত দেন।
পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হবে। ইতোমধ্যে ঢাকাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে। পৌঁছানোর পর তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে।