উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে ফ্লোর নিয়ে এমপিদের এ সুসংবাদ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
শাহে আলম মুরাদ জানিয়েছেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরোনো ভবনে বিদ্যমান অবকাঠামোর মধ্যে সংসদ সদস্যদের জন্য একটি করে কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন।
তিনি আরও বলেন, বিদ্যমান বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় কক্ষগুলোর নাম ‘পরিদর্শন কক্ষ’ রাখা হবে। এসব কক্ষে বসেই সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ করতে পারবেন।
যদি কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলায় তার জন্য পৃথকভাবে পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা আজ থেকেই সরকারি আদেশ কার্যকর হওয়ায় ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কক্ষগুলো প্রস্তুত করার আহ্বান জানাতে পারেন।