রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কৃষিবিদ দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কৃষিবিদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং সন্ধ্যায় আতশবাজি উৎসব হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ।
১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরিতে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। সেই দিনটিকে স্মরণ করে ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১১ সাল থেকে ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস পালন করা হচ্ছে।
সূত্র : রাইজিংবিডি