বাংলাদেশ নিয়ে সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি দেশে-বিদেশে ইউটিউব, টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে অবিলম্বে সরানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এ রিটকারী রিট করার অধিকার রাখেন। আদালত এ আবেদনের ওপর যে কোনো আদেশ দিতে পারেন। আর আদালত আদেশ দিলে ইন্টারনেট থেকে বিটিআরসি ভিডিওগুলো সরাতে পদক্ষেপ নিতে সহজ হবে।