ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের দায়ের করা মাদক মামলায় কারাগারে পুলিশ

ads

ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের দায়ের করা মাদক মামলায় কারাগারে যেতে হল সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে। নগরীর চকবাজার থানায় র‌্যাবের দায়ের করা মাদক মামলায় আদালতের কাছে আত্মসমর্পন করতে গিয়ে তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন আদালত।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণি ওই পুলিশ সদস্যকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।


জেলে প্রেরণ করা পুলিশ সদস্যের নাম গোলাম মোস্তফা। তিনি নোয়াখালী জেলার চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন গোলাম মোস্তফা। মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তথ্যটি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, এএসআই গোলাম মোস্তফা এতোদিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।


জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কারগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানায়, ২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে নগরীর ওয়াসা মোড় থেকে দুই হাজার ৮শ পিস ইয়াবাসহ রাঙ্গুনিয়া থানার কনস্টেবল মোশররফ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। ইয়াবা কারবারের সাথে এএসআই মোস্তফাও জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতার মোশাররফ। পরদিন চকবাজার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে র‌্যাব।


গত ১২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাঈনুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে কনস্টেবল মোশাররফ হোসেন ও এএসআই গোলাম মোস্তফাকে অভিযুক্ত করা হয়।

এরপর উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে কয়েকমাস পলাতক থাকার পর গোলাম মোস্তফার কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।  

ads
ads
ads

Our Facebook Page