বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে আত্মহত্যা করেছেন মরিয়ম বেগম (২৩) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী মরিয়ম ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে এবং হাতীবান্ধা উপজেলার ভোটমারী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন পাটগ্রাম বাস টার্মিনাল এলাকার জহুরুল ইসলাম। এ কারণে অভিমান করে প্রথম স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বাবার বাড়ি আসেন মরিয়ম বেগম। দ্বিতীয় বিয়ের উদ্দেশ্য নিয়ে বাবা-মেয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। এরপর অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মরিয়ম। বুঝতে পেয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবা জহুরুল।
পরে প্রতিবেশীরা খবর পেয়ে দগ্ধ বাবা-মেয়েকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমানে মেয়ে এমনটা করেছে। বাবা-মেয়ে দু’জনে দগ্ধ হয়েছেন। মেয়েটির শরীরের অধিকাংশই পুড়ে গেছে। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।