ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ভোক্তা-অধিকারের অভিযানে ৯৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ads

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণসহ চাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও ভোক্তা স্বার্থ বিরোধী নানা অপরাধে জড়িত থাকায় ৮৬ প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দিনব্যাপী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এসব অভিযান পরিচালনা করা হয়।


এরমধ্যে ঢাকা মহানগরীর গুলশান, কারওয়ান বাজার এলাকা ও ঢাকা জেলার ধামরাই উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, রোজিনা সুলতানা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার প্রমুখ।


এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয়। এছাড়া ভোজ্য তেল, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।


অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৮৬ প্রতিষ্ঠানকে ১৬ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ব্যাপারে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদপ্তর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

ads
ads
ads

Our Facebook Page