বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমনকি আক্রান্তের হারও অনেক। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ২০৫ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৩১ হাজার ২৬৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২৪৫ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ১২৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪২ হাজার ১৯১ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৩১১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ২১৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৯৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৯১৭ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। আর ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।