১৮ মার্চ বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে পরদিন দেশে ফেরার কথা ছিল আয়ারল্যান্ড উলভসের। কিন্তু করোনার পরবর্তীত পরিস্থিতিতে দ্বিতীয় টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরবে আইরিশরা।
ক্রিকেট আয়ারল্যান্ডের অনুরোধে বিসিবিও রাজি হয়েছে একটি ম্যাচ কম খেলতে। পাশাপাশি প্রথম টি-টোয়েন্টির খেলার সময়ও এগিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত হয়ে যাওয়ার কথা ছিল আয়ারল্যান্ড উলভস দলের। আয়ারল্যান্ড সরকারের মতে, সেটি ‘রেড লিস্ট’ভুক্ত দেশ হওয়ায় আয়ারল্যান্ডে ফিরে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে ক্রিকেটারদের। কোয়ারেন্টাইনের নিয়ম নতুন করে কার্যকর করা হচ্ছে ১৯ মার্চ থেকে। এজন্য ১৯ মার্চের আগেই তাদের দেশে ফেরাতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওর্থের মতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের মুখে পড়তে না হয়।
ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকটা সবার আগে প্রাধান্য দেওয়া হবে। ফলে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন এড়ানোর প্রয়োজন ছিল। আমরা একটি টি-টোয়েন্টি কম খেলে যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে আনতে চাই। আমাদের সিদ্ধান্তকে সমর্থণ করায় বিসিবিকেও ধন্যবাদ।’
এরই মাঝে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে একটি আন-অফিশিয়াল টেস্ট, চারটি একদিনের ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড উলভস। প্রথম ম্যাচটি করোনার কারণে পরিত্যক্ত হয়েছিল। রোববার মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে শেষ ওয়ানডে। ১৬ মার্চ দুপুরে এ মাঠেই হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।