বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
বুধবার (২৪ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা চলছে।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমানবন্দরে ডা. লোটে শেরিংকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটান লোটে শেরিং।
এ দিকে, ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও ভুটানের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।