আগামী ২ এপ্রিলই স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে মাস্ক ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি।
ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠক শেষে বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, পর্যটন, পিকনিক ও ওয়াজ মাহফিলসহ সামাজিক অনুষ্ঠানের জন্য করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সুতরাং ভিড় এড়িয়ে চললে করোনার সংক্রমণ রোধ করা যাবে। বিয়ে বাড়ি বা ভিড় সমাগম এড়িয়ে চলতে হবে।
তিনি বলেন, সংক্রমণের এ সময়ে কেউ স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে পারে।
করোনার টিকার বিষয়ে তিনি বলেন, টিকা নিলে মানুষের মাঝে বিভ্রান্ত ছিল। সেটা দূর হয়েছে টিকা নিলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। টিকার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তবে টিকা নেওয়ার পরও সাবধানতা অবলম্বন করতে হবে।