মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিজাম মিয়া (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর ৬টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। নিহত নিজাম মিয়া চাতলগাঁও এলাকার মৃত আমীর আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক নিজাম মিয়া গাড়ির সিরিয়াল নিয়ে স্টেশন চৌমুহনীতে সিএনজিটি ঘুরাচ্ছিলেন। এমন সময় জুড়ী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।
এ সময় সিএনজি স্ট্যান্ডে থাকা চালকরা গুরুতর আহত অবস্থায় নিজামকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নিজামকে মৃত বলে ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপ ভ্যান চালককে আটক করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটোকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।