গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা বাজার এলাকায় পিকনিকের বাস উল্টে দুইজন পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে ফাসিতলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা বগড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (২৮) ও ফিরোজ কবির (২৯)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম। স্থানীয়দের বরাতে তিনি জানান, রংপুরগামী একটি পিকনিকের বাস ফাঁসিতলা বাজার এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত দুই পথচারী শ্যামলী বেকারিতে কাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।