জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি ছিলেন নারী ক্রিকেট দলের দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুনও।
পরে মোদীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। যেখানে সামনের সারিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাঁ পাশে ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। ডান পাশে নারী দলের অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব জানান, মোদীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে’।
বাংলাদেশে নেমেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সফরে গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরেও যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরেই নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।